মন পাখি তুই কথা ধর

মন পাখি তুই কথা ধর, দিল পাখি তুই কথা ধর, থাকতে সময় পারের জোগাড় কর। পারের জোগাড় না থাকিলে শেষকালে তোর আছে ডর। মাঝি বড় হুসিয়ার, উচিত মূল্য না পাইলে নৌকায় লয়না তার, পয়সা ছাড়া পার করে না ধনী মানি বাহাদুর। ঘাটে গেলে ফেসিঞ্জার, একজন একজন ওজন করি নৌকায় তোলে তার। ওজনেতে বেশ-কম হলে ধাক্কা […]

মন পাখি তুই কথা ধর, দিল পাখি তুই কথা ধর,
থাকতে সময় পারের জোগাড় কর।
পারের জোগাড় না থাকিলে শেষকালে তোর আছে ডর।

মাঝি বড় হুসিয়ার,
উচিত মূল্য না পাইলে নৌকায় লয়না তার,
পয়সা ছাড়া পার করে না ধনী মানি বাহাদুর।

ঘাটে গেলে ফেসিঞ্জার,
একজন একজন ওজন করি নৌকায় তোলে তার।
ওজনেতে বেশ-কম হলে ধাক্কা মারি করে দূর।

ঐ দেখ ঈমানের পাল্লা,
ভক্তি চন্দন সে পাল্লাতে ওজনের শিলা।
ভালবাসা রত্তিমাসা, ওজন লয়রে বরাবর।

পুজি লই আইলা বেপারে,
লাভ করিবি দ্বিগুণ তাতে ভবের বাজারে।
লাভ করা তো দূরের কথা আসলের নাই খোঁজ খবর।

মন তুই হারালি পুজি,
জাররা জাররা হিসাব যেই দিন করিবে কাজী।
যোগ বিয়োগে মিল না হলে মহা বিপদ তার উপর।

মন তুই ঠেকবিরে শেষে,
পুজি নষ্ট পাবি কষ্ট কামিনীর পেছে।
এখনো সময় আছে মাইজভাণ্ডারীর চরণ ধর।

আমিন বলে ভাণ্ডারী নাম সার,
পুজি পাট্টা ভবের লেটা এক পলকে পার,
মনের কাটা ঠিক আছে যার পার ঘাটেতে কিসের ডর।

লেখক: আমিনুল হক ধর্মপুরী