মাইজভাণ্ডার প্রেম কলেজে যাবি মন,
হায়রে মাইজভাণ্ডার প্রেম কলেজে যাবি মন।
ঐ কলেজের লেখাপড়ায় খুলবেরে তোর ধ্যান নয়ন।
সেই কলেজের এমনি ধারা, সিনায় সিনায় লেখাপড়া,
লাগেনারে দোয়াত কালি লাগেনা কাগজ কলম।
অনুরাগী ছাত্র যারা, ইশারাতে পড়ে তারা,
সুজন যারা মার্কা মারা, তারা বুঝে গুরুর মন।
হিন্দু কিবা মুসলমানে, বৌদ্ধ কিবা খৃষ্টানে,
ঐ কলেজে জনে জনে পড়ার জন্য হয় গমন।
নবুয়ত আর বেলায়তে, শরিয়ত আর তরিকতে,
হাকিকতে মারফতে পড়া পড়ায় সব রকম।
আবাল বৃদ্ধ নর-নারী, ক্লাস করে সারি সারি।
প্রেমের পড়া যায়রে পড়ি, ছবক পায় নূতন নূতন।
প্রিন্সিপালে নিরিখ ধরে, চেয়ে আছে লক্ষ্য করে,
এত্তেহাদী রহম করে, যার যতটুক হয় ওজন।
শক্ত ঈমান ভক্তি যায়, সেই ছাত্র হয় উইনার।
কাম ক্রোধ ও লোভ মোহ নফস রিপু হয় দমন।
চর্ম চক্ষু বন্ধ করে দিব্য চক্ষু প্রকাশ করে,
দেখতে পায় সে আপন ঘরে নৈরূপের রূপ দরশন।
ঐ কলেজের ছাত্র হইয়া, কত জনা হয় আউলিয়া,
প্রিন্সিপালে দয়া করে, যদি মনের মতন।
মাইজভাণ্ডার প্রেম কলেজে, ভাল নলেজ পায় সহজে,
সরলে পরীক্ষা দিলে, ফেইল করেনা সেই কখন।
ভক্তি বিশ্বাস প্রেমাগুনে, সেই কলেজের ছাত্রগণে।
গাউস কুতুব জনে জনে, কত হইল এই ভূবন।
আমিন বলে মন কানাইয়া, তাড়াতাড়ি যাও চলিয়া,
ঐ কলেজে ভর্তি হইয়া শিক্ষা লওরে প্রেম সাধন।