ভক্তি শ্রদ্ধা করে ডাক ভাণ্ডারীরে,
পুরাইবে মনেরই বাসনা,
ডাকিলে সরলে আসিলে নিরলে,
ঘুচিবে এ দুনিয়ার যাতনা।।
অনন্ত আসীম সে বিশ্ব মহিপাল,
জীব কুলের স্বামী পরম দয়াল,
নিদানের কাণ্ডারী, দয়ার কাণ্ডারী,
যাহার দয়ার নাইরে তুলনা।।
আজীজি ফরিয়াদ প্রেমভক্তি মুনাজাত,
করিলে মহব্বতে ধরা দিবে সহসাৎ,
ঋপু অন্ধকার যত, হবে আলোকিত,
দেখবি নূরের নিশানা।।
সরলে ডাকিলে তারে হবে না বঞ্চিত,
মহা মছিবত হইবে খণ্ডিত,
আউয়ালে আখেরে কবরে হাসরে,
ত্বরাইয়া নিবে বাবা মওলানা।।
রহমান রহিম সে সর্ব কিছুর ধনী,
তাঁহার ভাণ্ডারে নাই কোন কিছুর কমি,
চায়না কারো ধন মাল, নহে কাঙ্গাল,
কাতরে কবুল কর প্রার্থনা।।
মাইজভাণ্ডার দরবারে, রহমান মঞ্জিলে,
বসে আছে খোদা মিমেরী আড়ালে,
বহু রূপী রূপে দেখে সে আশেকে,
অতুল ভাণ্ডারী বাবার মহিমা।।
শয়নে স্বপনে ঘুমে জাগরণে,
কাতরে ডাকে তোমায় অধীন আমিনে,
করুনা নজরে, দেখ ফিরে দাসেরে,
দিদারে কর মোরে শান্তনা।।