পাড় কর পাড় কর মোরে পাড়ের নাবিক ভাণ্ডারী,
তুমি বিনে দাসগণে কে নিবে আর উদ্ধারি।।
ভব সিন্ধু পার হইতে,
ঘোর বিপদে মুক্তি পেতে,
বসে আছি পাড় ঘাটাতে দয়াল নাম স্মরণ করি।।
কত নৌকা এল গেল,
আমার দিকে না চাহিল,
বেলা গেল সন্ধ্যা হল এখন উপায় কি করি।।
পয়সা ছাড়া শূন্য হাতে
বসে আছি সকাল হতে,
কখন জানি রহমতে, আমায় নিবে পাড় করি।।
রহমান রহিম তুমি,
নিশ্চয় জেনেছি আমি,
তব দয়ার নাইরে কমি, দাওনা রে চরণ তরী।।
কখন হবে তোমার দয়া,
আমি পাব পদ ছায়া,
কষ্ট যাবে মিষ্ট হইয়া আশায় ধর্মপুরী।।