শরিয়ত আর মারফতে দ্বন্দ্ব কয়,
বুঝতে নারে পাড়ার লোকে দ্বন্দ্বমূলে কি বিষয়।
শরিয়ত কয় চামড়া আমি,
মগজ নিয়ে থাক তুমি,
আমার গুণে রক্ত কায়েমি নয়, মানুষ কি বেঁচে রয়।
মারফত কয় চামড়া গেলে,
মানুষ বাঁচে অনেক স্থলে,
ভেবে দেখ মগজ গেলে তৎক্ষণাৎ তার মৃত্যু হয়।
শরিয়ত কয় তাড়াতাড়ি,
রোজা নমাজ দিলি ছাড়ি,
হজরতের শরা ছাড়ি, ফকিরি কোন আইনে কয়।
শরিয়ত কয় হুজুরি দিলে,
বিনে নমাজ হয় কে বলে,
মন নাচে নফছের তালে, ভাত না খাই কি রোজা হয়।
মারফত কর শুনলেন ভাল,
চামড়ার ইমারত তোল,
হাড্ডি মাংস কোথায় গেল, আছেনি তার পরিচয়।
শরিয়ত কয় কথা মিষ্টি,
লা’শরা ফকিরের গোষ্ঠি,
মারফত কয় মানুষ সৃষ্টি লা’শরা বিনে তো নয়।
মাতাপিতা লেংটা হল,
ছেলে মেয়ে জন্ম দিল,
দশ মাস দশ দিন যখন গেল, লা’শরা হৈ জন্ম লয়।
পাড়ার লোক মীমাংসা করে,
তুষ উপরে চাউল ভিতরে,
এক যোগে বুনিলে পরে তবে ফসল ভাল হয়।