বাবা মুর্শিদ ধন, তুমি আমার রাজ্যের অধিশ্বর।
কলির মাইয়া জমিদার, তশিল কৈরা নিলা কর।।
জিরাত জমা দিয়া কমা, মাশ মাহিনা কর বিমা।
হাতে রাখ রশিদ নামা, পেয়দা পাইকের নাহি ডর।।
মাইয়ায় মাজনী করে, কিস্তি খিলাপ সুদ ধরে।
বেগার খাট্যা পুরুষ মরে, পাট্রা কৈরা লও নিস্কর।।
তশিলদারকে বাধ্য কর, তরি দিয়া কেন মর।
মুরি চেক লইয়া সার, দস্তখত মাইয়ার মোহর।।
তের জুরি ভরা ধন, চৌকি পাড়া দেয় ছয় জন।
কেমন চোরে করে হরণ, কারে বল কৈ তস্কর।।
চোরের পক্ষ মনিরাম, পাহারা দেয় সেই মোকাম।
কেহ কয়না কারো নাম, চোর ধরা ভারি দুস্কর।।
রাজ্যের রাজা অনবিচারি, কেমন কৈরা বসত করি।
নেও মা তোমার জমিদারী, পাইয়াছি আইনের খবর।।
বার দিনের দিয়া কর, মুক্ত হওরে দেন মোহর,
অঙ্গে মাখ রঙ্গের আতর, গুরুর চরণ কৈশা ধর।।
গুরু ঘরের রক্ষাকারী, আব্দুল্লায় কারে ডরী।
ডাক দিলে সে হয় প্রহরী, হুশ রাখিও আদম শহর।।