অরে আদম তন, কোথায় লুকাইল মুর্শিদ ধন,
অনুসন্ধান করতে হৈলে ভজ গুরুর শ্রীচরণ।।
টাকা দিয়া টিকেট কাইটে, জাহাজে যায় জিদ্ধার ঘাটে,
উঠে চৈরে নৈলে হাইটে, গিয়া দেখে সিংহাসন।।
মক্কা মদিনা ঘুইরে, মাজার জেরত কৈরে,
মাশুকের পাইনা ঢুঁইড়ে, মনে হয়রে জ্বালাতন।।
মক্কা মদিনা শহর, জাহিরী কাবার ঘর,
না রাখ বাতিনের খবর, বেস্ত বেস্ত কর মন।।
আপন ভাণ্ডে রত্ন ধন, কোথায় গুরু অবোধ মন,
মারফতে কর গমন স্মরণে মিলে চরণ।।
যে কৈরাছে পীর ভজন, ফুট্যা গেছে দুই নয়ন,
হয়না কভু বিস্মরণ, মৈরাছে ভাবের মরণ।।
বেইল থাকিতে রাস্তা ধর, জানে কাবায় তালাশ কর,
আপনে সারণ আপনে সার, করিয়া করণ কারণ।।
ভক্তি ভাণ্ডার রত্ন ভাণ্ডার, গজল কৈরে প্রেম ভাণ্ডার,
অবশেষে মুর্শিদ ভাণ্ডার দেখ্যা শিক্ষা কর রোদন।।
আবদুল্লার পীর কাণ্ডারী, গাউস বাবা মাইজভাণ্ডারী,
সেই চরণের মেথর গিরী, পাইলে আশা হয় পূরণ।।