নূরের এক ঘর বেঁধেছে আজব শানে।
চিনতে পারলে দেখতে পাবি থাকেন রহমান কোন মোকাম।।
আট কুঠরি ষোল তালা সেথায় খেলেন মালিক মওলা।
আপনাকে তুই চিনরে আগে মুর্শিদ রূপে থেকে ধ্যানে।।
নয় দরজা বন্ধ কর দেখতে পাবি হাওয়ার ঘর।
থাকিলে তুই বেখবর পাবিনা কুল এই জীবনে।।
নূরের ঘর মধ্যখানে রেখে আর্শ কোন সন্ধানে।
মোহাম্মদ নূর নবী খেলেন যেথা রাত্র দিনে।।
নূরে জামাল এক ঘরেতে থাকেন মোহিনী ছুরতে।
আর এক ঘরে নূরে জালাল ব্যাকুল থাকেন মিলন টানে।।
নূরের ঘর নূরের বাতি জ্বলিতেছে দিবা রাতি।
দেখলিনা তুই আপন জাতি খোঁজ মুর্শিদের চরণে।।
সফি কর চাঁদের বাজারে সূর্য যেথায় ঝলক মারে।
ভেদ পাবি তুই মাইজভাণ্ডারে বেহুশ রবি তোরে চিনে।।