কোন পাগলে আমায় পাগল বানাইল, দেশ ছাড়াইল।
কোন পাগলে আমায় পাগল বানাইল।
হাসি হাসি কাছে বসি মোহিনী বান মারিল।
আগে তো জানিনা আমি তার মুখের হাসি,
গলায় লাগাবে ফাঁসি।
জাত-কুলমান সব বিনাশি, ঘরের বাহির করিল।
প্রেমের বন্দুক এস্কের গুলি মারিল জোরে,
আমায় ফেলায় শিকারে।
মন প্রাণ নিয়া হরে, কোন বনে যাই লুকাইল।
ছোট কালে পিরীত করি যৌবন কালে নাই,
বন্ধু করি কি উপায়।
সোনার যৌবন ভাসিয়া যায়, কার কাছে সঁপি বল।
শুইলে ফুল শয্যার পরে ঘুমে না ধরে,
ঐ রূপ ভাসে অন্তরে।
সুন্দর কামিনী ঘরে, তারেও সে ভুলাইল।
মাতা-পিতা স্ত্রী-পুত্র ভালবাসেনা,
প্রেমের এত লাঞ্ছনা।
লোক সমাজে স্থান মিলেনা, কলঙ্কি নাম রটিল।
যেই রূপ দেখাই মোহিনী বান, মারিল মোরে,
কেনে ভুলি তাঁহারে।
ঘর থেকে আনি বাহিরে, লেংটা করি নাচাইল।
দেশ-বিদেশে ঘুরে বেড়াই বন্ধুর কারণে,
প্রাণে ধৈর্য না মানে।
আমিন বলে বন্ধু বিনে বাঁচি কিরূপে বল।