আমি উদাসি পিপাসি তোমার

আমি উদাসি, পিপাসি তোমার, নূরানী দিদার, দাও মাওলা ধন। নূরানী দিদার, পাইলে তোমার, পিপাসা আমার, হবে নিবারণ। তুমি যে রোজা তুমি যে নামাজ, তুমি যে এবাদত হজ্ব কি যাকাত, তব নাম জপনা আমারি কলেমা, তুমি যে আমার প্রাণ প্রিয় ধন। হইয়াছি তোমার প্রেমেরি পাগল, হারাইছি ভবে অর্থ কি সম্বল। ফুলেরি বিছানা, ভাল তো লাগেনা, পরাণে […]

আমি উদাসি, পিপাসি তোমার, নূরানী দিদার, দাও মাওলা ধন।
নূরানী দিদার, পাইলে তোমার, পিপাসা আমার, হবে নিবারণ।

তুমি যে রোজা তুমি যে নামাজ,
তুমি যে এবাদত হজ্ব কি যাকাত,
তব নাম জপনা আমারি কলেমা, তুমি যে আমার প্রাণ প্রিয় ধন।

হইয়াছি তোমার প্রেমেরি পাগল,
হারাইছি ভবে অর্থ কি সম্বল।
ফুলেরি বিছানা, ভাল তো লাগেনা, পরাণে চায় গো যুগল চরণ।

তোমারি প্রেমে মজিলাম যেই দিন,
সমাজি নামাজি হইলাম সবার ভিন,
দেখিলে আমারে, ঘৃণা সে করে, কলঙ্কি ডাকে পর কি আপন।

লোকে যত মন্দ বলুক আমারে,
শুনিনা কানে, বন্ধুর খাতিরে।
হইয়াছি অন্ধ, প্রেমেরি বন্ধু, আমার পথে আমি করিয়াছি গমন।

নেকি বদি যত স্বর্গ কি নরক,
তাইতো জানি হয় তোমার হক,
ঐ সকল আমার, নাই কিছু দরকার, বাসনা আমারি দর্শন।

ভবে নাই আমিনের কোন কিছুর আশা,
চরণ তলায় তোমার বান্ধিয়াছি বাসা,
মীমেরি দুয়ার, খুইলা দাও এইবার, করিতাম প্রিয়ার মধুর মিলন।

লেখক: আমিনুল হক ধর্মপুরী