কর জোরে নিবেদন, আল্লাহু আকবর মন,
আছালামু আলাইকুম জবান।
জাগ নির্জীব বাঙ্গালী, ভারতবাসী কাঙ্গালী,
চরণ ধূলি ভিক্ষা চাই দান।
গাউসুল আজম মাইজভাণ্ডার, ধর্মরাজ অবতার,
চরণ সেবে হিন্দু মুসলমান।
কলিতে ভারতে, প্রেম দান করিতে,
দেখা দিলেন হয়ে মেহেরবান।
দয়ার সাগর তুমি, সর্বক্ষণ অন্তর্যামী,
অপরাধ ক্ষমা চায় অজ্ঞান।
সকলের পরাণ তুমি, কৃপার ভিখারী আমি,
খাড়া আছি গরীব সন্তান।
সমগ্র জগত মাঝে, ধর্ম ডঙ্কা জোরে বাজে,
জারী হৈল মারফতী নিশান।
শরিয়তের বাগানে, প্রেমানন্দের তুফানে,
গন্ধ গেল আরব হিন্দুস্থান।
গাইতে তোমার গান, কর বাবা শক্তি দান,
দীন হীন আবদুল্লায় পেরেশান।