রূপ দেখায়ে কইরাছ পাগল প্রাণ সখিরে,
রূপ দেখায়ে কইরাছ পাগল।।
সখি গো- দেখাইয়া রূপ মাধুরী, মন প্রাণ নিলা হরি,
সেই রূপ কি আর ভুলতে পারি বল।
যখন আমি নিরবে বসি,
তখন ঐ রূপ উঠে ভাসি,
হৃদয় মন্দিরে করি ঝলমল।।
সখি গো- লেগে তোমার রূপের নিশা,
হারাইলাম কুল দিশা,
স্ত্রী-পুত্র হারাইলাম সকল।
যখন ঐরূপ মনে পড়ে,
প্রাণ থাকেনা খাঁচার ঘরে,
জ্বলে বন্ধুর পিরিতির অনল।।
সখি গো- ছোট কালে পিরিত করি,
যৌবন কালে গেলা ছাড়ি,
হায়রে যৌবন যাইতেছে বিফল।
আঁখি দুটি হল নদী,
ঝরে পানি নিরবধি,
কোথায় গেলে তারে পাব বল।।
সখি গো- মাঝি হারা নৌকা যেমন,
নদীর বুকে ভাসে তেমন,
খুঁজিয়া না পায় রে নদীর কুল,
আমিন কয় পিরিত করি,
সাড়া জীবন কেঁদে মরি,
এই নাকি তোর প্রেম পিরিতের ফল।।