আমার কথা আছে কি তোর মনে প্রাণ বন্ধুয়ারে,
আমার কথা আছে কি তোর মনে।।
বন্ধুয়ারে- তোমার আমার ভালবাসা,
কত ছিল মেলা মিশা,
যখন তোমার কেউ ছিলনা সনে।
সেই সব যদি মনে থাকে,
সাড়া কেন পাইনা ডাকে,
ভুলিয়া রইয়াছ কি কারণে।।
বন্ধুয়ারে- তুমি আমার প্রাণ সখা,
দয়া করে দাওনা দেখা,
জ্বালাইওনা বিচ্ছেদের আগুনে।
জ্বলে পুঁড়ে হইলাম ছাই,
আর জ্বলিবার বাকি নাই,
পোঁড়া ছালী আর পোড়াও কেনে।।
বন্ধুয়ারে- আমি যত চাই তোমারে
তুমি তত থাক দূরে,
ছলনাতে পর্দার আবরণে,
ঈমানের পরীক্ষা নিতে,
আছ তুমি গোপনেতে,
বেদনার বেদনি যারা জানে।।
বন্ধুয়ারে- আমি করি ডাকাডাকি,
তুমি কর লুকালুকি,
ধরতে গেলে দাওনা ধরা কেনে।
আমিন বলে বিনয় করি,
ছেড়ে দে তোর ছল চাতুরী,
আছ যখন হৃদয়ের আসনে।।