রহমান মঞ্জিলের লীলা দেখবি যদি আয়,
দমে দমে গাউস ধনে কুদরতি খেলায়।।
গাউসে বাবা নূর নবী, দেখায় পাঞ্জাতনের খুবি,
যে দেখিল গুপ্ত ছবি পড়ল সেজদায়।।
লাল কাল হলুদ দরজা, মধ্যে মধ্যে হয় সাদা,
পঞ্চরূপে রূপ ধরিয়া নূরানী চমকায়।।
মাইজভাণ্ডার পাক দরবারে, পঞ্চরসে খেলা করে,
ছায়া ছাড়া কায়া ধরে, অপূর্ব দেখায়।।
মানুষেরি রূপ ধরিয়া, মানুষের সঙ্গে মিশিয়া,
আবার মানুষকে দেয় পার করিয়া চক্ষের ইশারায়।।
এই জগৎ ত্বরাবে বলি, রহমান মঞ্জিল খুলি,
মুক্তির নিশানা তুলি দিছে মওলানায়।।
আহাম্মদ রহমান হইয়া, ছদ্মবেশে দেখা দিয়া,
হক ভাণ্ডারী নাম ধরিয়া, ত্রিজগত নাচায়।।
আমিন বলে আর কি খেলা, দেখতে দেখতে গেল বেলা,
সাধ করিয়া নামের মালা পড়েছি গলায়।।