নূরের তন মোস্তাফা নবি হাবিব আল্লার,
পদাশ্রয় নিয়া ভজ গাউছ মাইজভাণ্ডার।
চিনরে মন নবি ধন, না চিনে মূর্খগণ,
পীরের চরণ ভক্তি বিনে না দেখি নিস্তার।
বড় পীরের নাম ধরি, বোগদাদ হলেন জারি,
মুর্দা করিল জিন্দা আউলিয়া সরদার।
চারি তরিকা নবিজির, যার সনে প্রেম মাওলাজির,
হেন নবিজির, পরে দরূদ হাজার।
কলির যোগে শেষ লীলা, মাইজভাণ্ডার প্রকাশিলা,
ক্ষণে হাসে ক্ষণে কাঁন্দে একি চমৎকার।
বাবার রূপ নেহার করি, দেওয়ানা হইয়া ফিরি,
জাহির বাতিন বিরাজ করে সয়াল সংসার।
যারে বাবায় দয়া করে, মদিনা পাঠায় তারে,
ধরতে গেলে না দেয় ধরা আজব কারবার।
আবদুল্লার ভাঙ্গা ঘরে, যদি বাবায় দয়া করে,
তবে কি আর ঘুরে মরে এই ভবের বাজার।