কলিজার টুকরা আমার প্রাণের সোনার চাঁদ,
কোথায় লুকায়ে রইলি, দয়াল বাবাজান।।
ওগো দাসের প্রাণের নিধি এইনি তোমার প্রেমের বিধি।
প্রেম করে লুকিয়ে গেলা, বাঁচেনা পরান।।
তোমার সনে প্রেম করি এই দুনিয়ায় ঘুরে মরি।
ভবের পাড়ি পার করিয়ে, চরণ কর দান।।
অপরাধী বলে বাবা না চাও যদি দীলের কাবা।
ভব সমুদ্রে ডুবে যাবে জীবন তরী খান।।
তোমার দাস সফি বলে, বাবা তুমি নিদয় হলে।
শ্রীচরণে স্থান দিয়ে, কে করিবে ত্রাণ।।