প্রেম কইরা কি এই ছিল কপালেরে বন্ধুয়া,
প্রেম কইরা কি এই ছিল কপাল।।
(বন্ধুরে) প্রেম করিলাম সুখের লাগি, এখন হইলাম দুঃখের ভাগি।
আপন জনা সবাই মন্দ বলে।
কার কাছে বা দেখাই ব্যথা, কেউ বুঝেনা মনের কথা,
ব্যথায় ব্যথিত পাইনা ভূমণ্ডলেরে বন্ধুয়া।।
(বন্ধুরে) তোমাকে জানিয়া আপন, হইয়াছি সমাজের দুশমন,
শ্যাম কলঙ্কের মালা আমার গলে।
যার কারণে এত কষ্ট, সে যদি না করে তুষ্ট,
এই দুঃখ কি যাবে কোন কালেরে বন্ধুয়া।।
(বন্ধুরে) তোর পিরীতির এই কি রীতি, সারা জীবন হয় দুর্গতি,
বুক ভাসে নয়নের জলে।
কাঁন্দি কাঁন্দি হইলাম অন্ধ, আসিল না প্রাণবন্ধু।
আর কত কাঁন্দাবি ডালে ডালেরে বন্ধুয়া।।
(বন্ধুরে) তুমি যদি না চাও মোরে, আমি বন্ধু চাই তোমারে,
প্রাণ দিয়াছি তোমার চরণ তলে।
হবে নারে ছাড়াছাড়ি, দোহাই দিয়া মাইজভাণ্ডারী,
পাড়ি দিব পুলছেরাতের পুলেরে বন্ধুয়া।।
(বন্ধুরে) আমার ঘরে তুমি রহ, আমি দেহ তুমি রূহ,
পবিত্র কোরানে বলে।
তুমি আমার প্রাণ সখা, কোন কারণে দাওনা দেখা,
বিচার হবে শেষ বিচারের কালেরে বন্ধুয়া।।
(বন্ধুরে) হীন আমিন হই উদাসী, গলাতে মোর প্রেমের ফাঁসি,
প্রেম আগুনে সদা অঙ্গ জ্বলে।
কেন আছো পর্দায় ঢাকা, একবার আসি দিলে দেখা।
সকল জ্বালা যাইতাম আমি ভুলেরে বন্ধুয়া।।