পরাণের বন্ধুরে তোমার লাগিয়ারে, হইলাম কুলের কলঙ্কিনী।
বইল কদম তলা, বসিয়া নিরালা,
ইসারায় ডাকিলা তুমি।
গিয়াছি দ্বারেরে, জড়াই ধরিলরে,
প্রেম সোহাগে আদরিনি।
পিরীতি করিয়া, বন্ধু গেল চলিয়া,
কেমনে রই একাকীনি।
ধৈর্য না মানেরে, আমার পরাণেরে,
বানাইয়া গেল উদাসিনী।
শুইলে শয্যার পরে, ঘুমে নাহি ধরে,
ঝরে দুই নয়নের পানি।
যৌবন বয়সেরে, বন্ধু নাই কাছে রে,
কারে লই পোহাব রজনী।
বন্ধুয়ার পিরীতে, পাগল হই জগতে,
কুল মান করিলাম হানি।
দরদী কেহ রে, নাহি সংসারে রে,
বুঝাইতাম দুঃখের কাহিনী।
পাইলে বন্ধুয়ারে, নিয়া প্রেম বাসরে,
বুকেতে লইতাম টানি।
আলিঙ্গন করিবে, অধর চুমিয়ারে,
জুড়াইতাম বিরহের আগুনি।
বন্ধুয়া বিহনে, বাঁচি বা কেমনে,
বন্ধু মোর নয়নের মণি।
আমিনে কাতরে, ডাকে তোমারে রে,
বুকেতে আসো গুলমণি।