মন যুবতী গুরুর সনে কর পিরীতি,
শরিয়ত ঠিক না হৈলে সাধন হয়না মারফতী।।
সার করিয়া গুরু ভক্তি কর নামের আরতী,
জ্ঞান উপার্জন না করিলে ধরা দেয়না সারথী,
আন্ধার ঘরে ফশর কর জ্বালিয়া জ্ঞানে বাত্তি।।
তিলকা রছুল ছিফারাতে বলিলেন জগত পতি,
দুইশত উনসত্তর আয়েত দেখনা বিশ কিমতি,
জ্ঞান বিতরণ যে জন করে দোকুলে তার উন্নতি।।
আত্মারূপে নিরাঞ্জন অন্তরেতে বসতি,
মন পরিষ্কার না করিলে পরকালে দুর্গতি,
ভক্তি ভাবে পর নামাজ যদি চাওরে মুক্তি।।
জ্ঞান শূন্য অন্তরখানী আত্মা হীন মুরতি,
জ্ঞান প্রদীপ যার হাতে নাই দেশে যাইতে আসক্তি,
পথ হারাইয়া কান্তে হবে জাহান্নামের লান্নতি।।
ভাণ্ডারীর শ্রীচরণে আবদুল্লার এই মিনতি,
জ্ঞান দান কর চান্দ না হয় যেন অখ্যাতি,
কাঙ্গালে পাইলে ভিক্ষা গাইবে তোমার সুখ্যাতি।।