প্রেম করিও সুজন রসিক চাইয়া

প্রেম করিও সুজন রসিক চাইয়া পরাণ বন্ধুরে, প্রেম করিও সুজন রসিক চাইয়া। (বন্ধুরে) সুজন দেখি প্রেম করিলে, ছুটেনা প্রেম কোন কালে, প্রেমের তরী চলে উজান বাইয়া। না জানিয়া প্রেম করিলে, কলঙ্ক হয় ভূ-মণ্ডলে, কান্দিতে হয় গাছ তলায় বসিয়া। পরাণ বন্ধুরে… (বন্ধুরে) প্রেম করিলে আছে মজা, আবার প্রেমে মহা সাজা, প্রেম করিও ভাবিয়া চিন্তিয়া। সুজন প্রেম […]

প্রেম করিও সুজন রসিক চাইয়া পরাণ বন্ধুরে,
প্রেম করিও সুজন রসিক চাইয়া।

(বন্ধুরে) সুজন দেখি প্রেম করিলে, ছুটেনা প্রেম কোন কালে,
প্রেমের তরী চলে উজান বাইয়া।
না জানিয়া প্রেম করিলে, কলঙ্ক হয় ভূ-মণ্ডলে,
কান্দিতে হয় গাছ তলায় বসিয়া। পরাণ বন্ধুরে…

(বন্ধুরে) প্রেম করিলে আছে মজা, আবার প্রেমে মহা সাজা,
প্রেম করিও ভাবিয়া চিন্তিয়া।
সুজন প্রেম করিল যারা, জস কীর্তি জগত ভরা,
সুজনের প্রেম থাকে অমর হইয়া। পরাণ বন্ধুরে…

(বন্ধুরে) প্রেম মহাজন মাইজভাণ্ডারী, প্রেমের খেলা করে জারী,
যে মজিলে সেই খেলাতে যাইয়া।
সুজন প্রেমিক তারা হয়, মুখের কথা চোখে কয়,
কত জনা হইয়াছে আউলিয়া। পরাণ বন্ধুরে…

(বন্ধুরে) প্রেমে থাকে আল্লা রাজি, ভেদ জানেনা শরার কাজী,
প্রেমে মজি বানাইল দুনিয়া।
যে বুঝিল প্রেমের ধর্ম, সাফল্য তার মানব জন্ম,
আমিন কান্দে প্রেম না চিনিয়া। পরাণ বন্ধুরে…

লেখক: আমিনুল হক ধর্মপুরী