জগতের কর্তা তুমি বিশ্ব করতার।
দয়াল প্রাণের ধন আল্লাহ আমার।।
তুমি আদি, তুমি অন্ত, তোমার সৃষ্টি লীলা।
জুড়েছে ব্রহ্মাণ্ড মাঝে কি অপরূপ খেলা।।
আমি বাচারা দেখে আত্মহারা।
প্রাণের পেয়ারা তোমার মহিমা অপার।।
নবী, অলী, ফেরেস্তা, হুর, পরী, জ্বীন।
পারে না কেউ তোমায় করিবারে চিন।।
কে তুমি, কিবা তুমি-জগতের স্বামী।
কি কুদরতে সৃজিয়াছে-এই বিশ্ব সংসার।।
ধ্যানের বাহিরে তুমি জ্ঞানের বাহিরে।
তাই বিশ্ব খোঁজে তোমায় কত পথ ধরে।।
নিরাকার হয়ে খেল আকারেতে।
নিজের ছেফাত প্রভু করিতে প্রচার।।
যখনি হে দয়াল, এত দয়া করে।
কৃপা চক্ষে নেহারিলা এই মাইজভাণ্ডারে।।
দিয়ে তব পরিচয় বিশ্বের সংশয়।
ঘুছায়ে দাও দীন সফির এ আরজ সার।।