গুরুগঞ্জ যাবি যদি মন

গুরুগঞ্জ যাবি যদি মন আমার, হায়রে- গুরুগঞ্জ যাবি যদি মন আমার। গুরুগঞ্জ নাহি গেলে সাধন ভজন হয়না তার।। যাবি যদি গুরুগঞ্জে, থাকবি সদা প্রেমানন্দে, নিত্য নতুন প্রেম তরঙ্গে, ঢেউ খেলে প্রেমের জোয়ার।। প্রেম সাগরে হয়না ভাটা, নিত্য জোয়ার থাকে আঁটা, ঘুচে যাবে ভবের লেঠা, জন্ম মরণ ভয় কি তার।। গুরু গঞ্জের এমন নীতি, মূর্খ লোকের […]

গুরুগঞ্জ যাবি যদি মন আমার,
হায়রে- গুরুগঞ্জ যাবি যদি মন আমার।
গুরুগঞ্জ নাহি গেলে সাধন ভজন হয়না তার।।

যাবি যদি গুরুগঞ্জে, থাকবি সদা প্রেমানন্দে,
নিত্য নতুন প্রেম তরঙ্গে, ঢেউ খেলে প্রেমের জোয়ার।।

প্রেম সাগরে হয়না ভাটা, নিত্য জোয়ার থাকে আঁটা,
ঘুচে যাবে ভবের লেঠা, জন্ম মরণ ভয় কি তার।।

গুরু গঞ্জের এমন নীতি, মূর্খ লোকের ফিরায় রীতি,
জ্ঞান রাজ্যের অধিপতি, রত্ন মিলে বেশুমার।।

মণি মুক্তা হীরা কাঞ্চন, ভক্তি গঞ্জে মিলে সেই ধন,
সে হইয়া যায় মানুষ রতন, মদনগঞ্জ যায়না আর।।

পরম গুরুর ভাব ধরিলে, মায়া রাজ্য ত্যাগিলে,
ষড়ঋপুর চরণ তলে, হইয়া যাবে তাবেদার।।

ঘুচে যাবে দেহের ময়লা, হয়ে যাবে নূর তজল্লা,
আপন ঘরে খোদ মওলা, দেখবি লীলা চমৎকার।।

প্রেম কাচারী মণিপুরে, খোদ মহাজন বিরাজ করে,
আছে ঘরে নহে দূরে, সন্ধান জেনে লও তাহার।।

অন্তঃদৃষ্টি বহিদৃষ্টি, বাক শক্তি আর শ্রবণ শক্তি,
সঞ্চালন এই পঞ্চ শক্তি, আগে কর অধিকার।।

গুরু রূপে মিশাইয়া, দশ ইন্দ্রিয় জয় করিয়া,
যে গিয়াছে সুজন হইয়া, ঘুচিল তার কাম বিকার।।

আমিন বলে আমি অন্ধ, মায়া জালে আছি বন্ধ,
কবে যাব গুরুগঞ্জ, তাই সে ভাবি অনির্বার।।

লেখক: আমিনুল হক ধর্মপুরী