আর কত সহিব জ্বালাতন, ভাণ্ডারী ধনরে,
আর কত সহিব জ্বালাতন।
আমি তো অবলা বালা, সহিতে নারি প্রেম জ্বালা,
একবার আসি দাওনা দরশন।।
ছোটকালে প্রেম করিয়া যৌবন কালে গেলে থুইয়া,
কারে দিব এই নব যৌবন।।
বন পোঁড়া হরিণীর মত, জ্বইলে মরি অবিরত,
কে বুঝিবে প্রেমের কি বেদন।।
সতী কুলে জাতি কুলে কালি দিলাম উভয় কুলে,
পাব বলে তোমারই চরণ।।
যার কারণে এত কষ্ট সে যদি না করে তুষ্ট,
এই দুঃখ কি হইবে মোচন।।
হীন আমিন হতভাগা, প্রেম করিয়া পাইলাম দাগা,
কলঙ্কিনী হইলাম এই ভুবনে।।