শুন বন্ধুগণ দিন থাকিতে কর

শুন বন্ধুগণ- দিন থাকিতে কর প্রেম সাধন, প্রেম সাধন না করিলে বিফল মানব জীবন।। ফাজ কুরুনি আজ-কুরুকুম কোরানে আছে প্রমাণ, মাশুকের স্মরণ কর যত আছ আশেকান, স্মরণেতে চরণ পাবি রাজি হবে নিরাঞ্জন।। তিন প্রকার প্রেম আছে সাবধানে করিও ভাই, ছাদেকি প্রেম খোদার দিদার মেজাজী প্রেম দুনিয়ার, ফাছেকি প্রেমিক যারা ভোগে কত জ্বালাতন।। রব্বে আরনি লান […]

শুন বন্ধুগণ- দিন থাকিতে কর প্রেম সাধন,
প্রেম সাধন না করিলে বিফল মানব জীবন।।

ফাজ কুরুনি আজ-কুরুকুম কোরানে আছে প্রমাণ,
মাশুকের স্মরণ কর যত আছ আশেকান,
স্মরণেতে চরণ পাবি রাজি হবে নিরাঞ্জন।।

তিন প্রকার প্রেম আছে সাবধানে করিও ভাই,
ছাদেকি প্রেম খোদার দিদার মেজাজী প্রেম দুনিয়ার,
ফাছেকি প্রেমিক যারা ভোগে কত জ্বালাতন।।

রব্বে আরনি লান তারানি প্রেমের আজব ঘটনা,
মাশুক নূরে পাহাড় জ্বলে আশেক মুছা জ্বলেনা,
খলিলুল্লাহ অগ্নিকুণ্ডে পাইল রত্ন সিংহাসন।।

বি.এ, এম.এ পাশ করিলে পাবিনারে মাশুকধন,
বিনা বিদ্যায় ওয়াইজ করণি পাইছে খোদার দরশন,
প্রেমের ঘুড়ি দেখে নবী গায়ের জুব্বা দেয় তখন।।

ভক্তিভাবে সাধন কর গুরুর চরণ শীরে লই,
গুরু বিনে প্রেম শিখাতে আর ভবে দরদী কই,
ভক্তি গুণে মুক্তি মিলে গুরুজী হয় গুপ্তের ধন।।

গাউসুল আযম মাইজভাণ্ডারী সত্য প্রেমের মূলাধার,
চট্টল মাঝারে দয়াল বসাইল প্রেমের বাজার,
কে কে যাবি করতে সওদা শীঘ্র চল সাধুগণ।।

প্রেমের সওদা করতে তোমার বাজারেতে এসেছি,
নত শীরে করজোরে চরণ তলে দাঁড়াইছি,
প্রেম দানে শান্তি কর হীন দাস আমিনের মন।।

লেখক: আমিনুল হক ধর্মপুরী