ঈমানের বাজারে এসে সওদা কর তৌহিদেরী,
ঈমানে কামেল হলে, খুশী হবেন মাইজভাণ্ডারী।
ঈমান ধন কেমন ধন, আগেতে বুঝ কর মন।
হুয়াল আওয়াল, হুয়াল আখের, ঠিক জানিও বাবা মেরি।।
গুপ্ত ব্যক্ত যত খেলা, সকলই তাঁহার লীলা।
যিনি ছিলেন, তিনি আছেন বাবাজান নাম ধরি।।
হুজরা শরীফ মাঝে এক হালেই বাবা রাজে।
রওজা শরীফ ছল করে, করিয়াছেন নতুন বাড়ী।।
ফয়েজ রহমত বাবাজানে করিতেছেন আশেকগণে।
ঈমানে কামেল হয়ে যে রয়েছে চরণ ধরি।।
ভ্রষ্ঠ যত দুষ্টগণে সরল আশেক ভক্তগণে।
দুনিয়ার স্বার্থ লোভে জানায় বাবা গেছেন মরি।।
দুঃখ বলা গুনা খাতা, দয়াল মাওলা জগত পিতা।
মাফ করিছেন দাসগণে, বাবাজান হক ভাণ্ডারী।।
পুলছেরাতের মহা পারে, দোজখ হইতে বাঁচাইবারে।
কবরে হাসরে সত্য থাকবেন হাজির বাবা মেরি।।
সফি বাবার অধম শিশু, সে বিনে ভাবেনা কিছু।
জগতের মূল মহাজন, করি বাবার হক গুজারি।।