দেখে আমি তাজ্জব হয়েছি-
তোমার কর্ম কেবল আর কিছু নয়,
আঁকা আঁকি মুছামুছি।
শিশুর মত কলম লয়ে,
নানা রঙ্গের কালী দিয়ে,
এ ব্রহ্মাণ্ড কাগজ পেয়ে, লিখতেছ সব ভোজের বাজী।
অবকাশ নাই দিনে রেতে,
পরিশ্রম নাই খাটতে খাটতে,
মাখামাখি পাই না ধরতে, জানতে গিয়ে কান্দতেছি।
কই তুমি কই কারে বা কই,
যারে কই সে শুনে বা কই,
আমি তোমার হই বা না হই, তুমি আমার ঠিক বুঝেছি।
মনোমোহন ভাবিয়ে বলে,
নিত্য লীলা কুতূহলে,
লীলা নিত্য এক করিলে, মন বলে বেশ বুঝ পেয়েছি।