সেই হয়েছে মানুষ রতন, সব থুয়ে যার কিছু নাই।
পরশমণি সরস ধনি, প্রেম সায়রে খেলছে লাই।
তুচ্ছ সম্পদ করে তুচ্ছ,
সমান করে নীচ উচ্চ,
অন্তরে পেয়েছে রাজ্য, ফুল ফুটেছে আলেকসাই।
কুল কলঙ্কের ভয় রাখে না,
কান থুয়ে সে ডাক শুনে না,
চোখ থুয়ে চোখে দেখে না, মুখ থুয়ে তার কথা নাই।
বেদ বিধানের নিষেধ মানা,
কিছুই তার সে মানে না,
হৃদয়ে তার আরামখানা, সোনা রূপা ভাবে ছাই।
যোগ দিয়া সে একের ঘরে,
ব্রহ্মপদ তুচ্ছ করে,
ধনী বলি সে জনারে, না আছে ধনের বড়াই।
মনোমোহন তার অন্বেষণে,
মত্ত আছে আকুল প্রাণে,
বিকাই জীবন শ্রীচরণে, এমন মানুষ যদি পাই।