খোদা রসূল বড় মাওলানা সুলতান।
ভাণ্ডারে বসিয়া টানে আলম তামাম।।
সেই যদি মানুষ হইত,
নিশির বেলা না আসিত।
নানান ভাষায় বলি কথা, হরিল পরাণ।।
গাউস কুতুব কত,
কান্দে কত অবিরত;
হীন মালেক কি বলিব, তাহাঁর বয়ান।।
মিশর তুরস্ক শামেতে,
সব তান রূপের জাতে।
বাগদাদে আজমীরে যারা, তান প্রেমের করে গান।।
আসমানী ফেরেশ্তারা,
দেখিয়া বেহুশ তারা।
আসিল মাবুদ কর্তা, পরোয়ানা শান।।
মানব ছলে করে খেলা,
হাকিকতী এ মামেলা।
শুনা যাইতো যদি তোদের, থাকিত রে কান।।