আমার নূরুন আলা নূরী মওলা জগতেরই সার,
তব নামে কত পাপী হইয়া গেল পাড়।।
কত শত পাপীগণে উদ্ধার হইল নামের গুণে,
এমন দয়াল ত্রিভুবনে নাহি দেখি আর।।
গাউসুল আজম মাইজভাণ্ডারী, সব ত্বরিকার সহকারী,
সমস্ত আলমে জারী, রহমত তাঁর।।
এক পলকে হেরি যারে, অলি-আল্লাহ্ বানায় তারে,
গুপ্ত এলম জারী করে কলবের মাঝার।।
রহমান রহিম তুমি, নিশ্চয় জেনেছি আমি,
অফুরন্ত ধনের খনি ভাণ্ডার তোমার।।
তোমার চরণ পরশ মণি, যে পাইল সে হইল ধনী,
ঘুচে গেল পেরেশানী, এই ভবের মাঝার।।
হীন আমিন ধর্মপুরী, বলিতেছি বিনয় করি,
রাতুল চরণ আছি ধরি, পাইতে নিস্তার।।