সংসারে কি মজা আছে, সংসারে কি মজা আছে।
দধি-দুগ্ধ চিনি মিছরি সব বেমজা হয়ে গেছে।।
খোরমা-খেজুর আর কমলা, আনার আঙ্গুর রসগোল্লা,
বেল লেবু আনারস কলা, তিক্ত রসে ভইরা গেছে।।
আম কাঠাল ছেব বেদানা, খাজা গজা মিশ্রি দানা,
পেয়ারা মোহনভোগ, দুধের ছানা, সবার মজা উঠে গেছে।।
কোর্মা পোলাও আর বিরানী, গোশ পরাটা বাকরখানি,
ডিমের মামলেট চাউলের শিন্নী মজা নাই আর কিছুর বিচে।।
মজা নাই পিতা মাতার কোলে, মজা নাইরে বন জঙ্গলে,
মজা নাই বুলবুলির ফুলে, মজা নাই কামিনীর কাছে।।
পুত্র কন্যা বন্ধু ভাই, কারো কাছে মজা নাই,
মায়াতে মজিয়া সবাই, টাকার লোভে বইসে আছে।।
হীন আমিন ভেবে বলে, মজা নাইরে ভূমণ্ডলে,
আসল মজা পাইতে হলে চল যাই ভাণ্ডারীর কাছে।।