গান বাজনা রূহের খোরাক

গান বাজনা রূহের খোরাক, গান বাজনা হারাম নয়, না বুঝিয়া মূর্খ লোকে আশেকেরে মন্দ কয়।। সুরে তালে জগৎখানি, চলিতেছে দিন রজনী, সৃষ্টি করেছে কাদের গণি, মহানন্দ দয়াময়।। দাউদ নবী জবুর পড়ে, সুমধুর কণ্ঠস্বরে, জ্বিন ইনসান ফেরেস্তা হুরে, সেই সুরে মোহিত হয়।। আসমান জমিন আদী, পাহাড় পর্বত নালা নদী, পশু পাখি বৃক্ষ আদী, শুনিয়া মোহিত হয়।। […]

গান বাজনা রূহের খোরাক, গান বাজনা হারাম নয়,
না বুঝিয়া মূর্খ লোকে আশেকেরে মন্দ কয়।।

সুরে তালে জগৎখানি, চলিতেছে দিন রজনী,
সৃষ্টি করেছে কাদের গণি, মহানন্দ দয়াময়।।

দাউদ নবী জবুর পড়ে, সুমধুর কণ্ঠস্বরে,
জ্বিন ইনসান ফেরেস্তা হুরে, সেই সুরে মোহিত হয়।।

আসমান জমিন আদী, পাহাড় পর্বত নালা নদী,
পশু পাখি বৃক্ষ আদী, শুনিয়া মোহিত হয়।।

এই যে সারা ভূমণ্ডলে, সব কিছু তালে চলে,
পিতা মাতার লয় তালে, ছেলে মেয়ে জন্ম হয়।।

সাপ খাকে গর্ত পুরে, বেদে যায় ধরিবারে,
মন্ত্র পড়ি বালি মারে, সর্প যেন বাহির হয়।।

গাঢ় সর্প হলে পরে, তন্ত্র মন্ত্রে নাহি ধরে,
বসে থাকে ক্রোধভরে গর্ত ছেড়ে না বাহির হয়।।

তন্ত্র মন্ত্র দূরে রেখে, বেদে যায় গর্তের মুখে,
নেচে নেচে বাঁশি ফুঁকে নবসুরে বাদ্য লয়।।

সুরের তালে পাগল করে, সর্প আসে গর্ত ছেড়ে,
প্রেমানন্দে ফণা ধরে, বেদের কাছে নাচনা লয়।।

তখন বেদে তাকে ধরে, পাতিলেতে বন্ধ করে,
আনন্দেতে লইয়া ঘাড়ে, নাচায় তারে লোকালয়।।

মাশুকেরই এস্কভরে আশেকেরা নাচনা করে,
আশেকানের মোহন সুরে, মাশুক নিজে রাজি হয়।।

আশেকদের এস্কবাজি, তাতে হয় আল্লাহ্ রাজি,
না বুঝিয়া শরার কাজি নাজায়েজ বলিয়া কয়।।

আশেকদের এস্কের জোরে, অসাধ্য সাধন করে,
বেদে যেমন সর্প ধরে, ভক্তের অধিন খোদা হয়।।

হীন আমিন ভেবে বলে, যেইভাবে যার মাশুক মিলে,
সার ইবাদত তাকেই বলে, কোরান-পুরাণে কয়।।

লেখক: আমিনুল হক ধর্মপুরী