রূপ সাগরে রং ধরিলে প্রেম সায়রে ঢেউ খেলায়।
কলবে মাহমুদার তরী আনন্দেতে ভেসে যায়।।
সাড়ে তিন হাট তরী খানি, বাইন মেরেছে কোন সন্ধানী।
হু-হু রবে ইনজিন চলে বেখবর মালিক বেটায়।।
নফছে মোতমাইন্নার ভরা দিয়ে পাঠাইছেন পেয়ারা।
কলব করিয়া আর্শ পাঠাইছেন আল্লাহ্ তালায়।।
আব আতশ খাক বাতে রুহু ধন দিয়া সাথে।
বানাইলেন যে সাধের তরী আল্লাহ করিম রাব্বানায়।।
চায়না করে মাইজভাণ্ডার নূর ভরিয়া তার মাঝার।
ছয়জন দাঁড়ি দিলেন সাথে কেন তারা নিদ্রা যায়।।
জাগ জাগ জগত বাসী, বাঁধিয়া মাটিতে রসি।
ভাসাইতে চাও সাধের তরী এক ঘাটেতে জনম যায়।।
কাটি রসি মার টান মাঝি কর মুর্শিদ চাঁন।
বেয়ে চল দেহ তরী বসে আছ কোন আশায়।।
মাইজভাণ্ডারীর সফি কয় শীঘ্র কর পরিচয়।
রূপ সায়রে গুণ টানিয়া প্রেম সায়রে যাও ত্বরায়।।
সখা হলে মাইজভাণ্ডারী দিবে পরিচয় করি।
কোন ঘাটেতে কি ধন আছে যাবে তরী কিনারায়।।