মরণ কালে স্মরণ যেন থাকে তোমার নাম,
ছকরাতুল মউত সেই দিন আসিবে নিদান।
মরণ দেখি লাগে দ্বন্দ, চক্ষু মুদে জবান বন্ধ,
হেন কালে কৃপা বন্ধু, কৃপা কর দান।
তুমি তো দয়ার সিন্ধু, অপার করুণা বন্ধু,
মরণ কালে হয়না বন্ধ যেন মোর জবান।
যদি জবান বন্ধ হইব, কি করি তোর নাম জপিব,
কোন নামে সপিয়া দিব, দাসগণের প্রাণ।
হক ভাণ্ডারী নাম জপিতে, প্রাণ যেন যায় নামের সাথে,
প্রমাণ যেন রয় জগতে, তোমার আশেকান।
আজরাইল আসিবে যখন, পরাণ করিতে হরণ,
সম্মুখে থাকিও তখন, আহাম্মদ রহমান।
ঈমান হরিয়া নিতে, শয়তান আসে ধোঁকা দিতে,
ঐ সময় যেন বরজখেতে, থাকে মোর ধ্যান।
পাপে তাপে কর্মনাশা, হারাইয়াছি সব ভরসা,
কেবল মাত্র আছে আশা, তুমি রহমান।
ভবে হইলাম সাহেব বাবু, না চিনিলাম তোমায় প্রভু,
আমিন কান্দে হইয়া কাবু, ঘনাইল তুফান।