গুরু কল্পতরু মূলে-
আশ্রয় নিয়ে বসে থাক, ওমন আমার কুতূহলে।
গুরু নিত্য গুরু সত্য, গুরু হয় পরম তত্ত্ব,
শ্রীপদে মজোয়ে চিত্ত, ভাব নিত্য প্রাণ খুলে।
মায়াতে মানুষ দেহ, করো না কোন সন্দেহ,
গুরু কৃপা বিনে কেহ, পায় না মুক্তি কোন কালে।
জীবনের মধ্য বিন্দু, হৃদাকাশে গুরু ইন্দু,
পার হইতে ভবসিন্ধু, বন্ধু নাই আর ভূমণ্ডলে।
যা দেখ ব্রহ্মাণ্ডময়, গুরু ভিন্ন আর কেহ নয়,
হলে গুরু পরিচয়, আঁধারে আলোক জ্বলে।
মনোমোহন আত্মহারা, অহঙ্কারে মাতোয়ারা,
গুরুপদ সেবা করা, হল না তারি কপালে।