মন কানা তুই গেলি মারা, মন কানা তুই গেলি মারা।
জাইনে শুইনে আইনের ধারা, শিখলিনা তুই নামাজ পড়া।।
কোরানে বিরাশি জাগায়, বলিয়াছেন খোদাতাল্লায়,
কি প্রকারে নমাজ আদায়, করতে হুকুম দিল শরা।।
খোঁজ করিয়া প্রেম সাগর, তাতে ওজু গোসল কর,
দিল রোশনী হবে তোর, যে বুঝে সে পাগল পারা।।
জুব্বা পিরাণ গায়ে দিয়া, লোক দেখায় মছল্লী হৈয়া,
গেলিরে মোনাফেক হৈয়া, জাহান্নামে যাবি পোঁড়া।।
ফকির সাধু প্রেমের পোঁড়া, দিবা রাত্র দেয় হাজিরা,
তরিক বান্দ্যা সদায় তারা, হৈয়া আঁছে জিন্দা মরা।।
বন্ধ হৈলে দিলের ঘড়ি, নামাজ হয়না তার হুজুরী,
পানি ফালাই অজু করি, চাকরী কেবল বেতন ছাড়া।।
দেহে বাঁশী যে বাজায়, মক্কা কাশী নাহি যায়,
ঘরে বৈসা হজ্ব কামায়, ইংল্যাণ্ড, চীন, জাপানীরা।।
সাত রাজার ধন থুইয়া ঘরে, আবদুল্লায় জঙ্গলে ফিরে,
সত্তুর বার কবরে ডাক, হাতে নাইরে মাঝির ভাড়া।।