দোজাহানের মালিক আমার বাবা মওলানা,
দিতে নারি মাইজভাণ্ডারী তব রূপের তুলনা।।
মাশরিক আর মাগরিবে, জুনুন আর সিমালও ভবে,
ত্রিজগত জুড়িয়া উড়ে তোমার নামের নিশানা।।
আহাদে আহাম্মদ হইয়া মিমের পর্দা ঢাকনি দিয়া,
হক ভাণ্ডারী নাম ধরিয়া জগৎ করলি দিওয়ানা।।
ক্ষণে থাকে আরশেতে ক্ষণে আসে জমিনেতে,
মিশিয়া মানব ছুরতে, করিতেছে ছলনা।।
পর্দার আড়ালে বসি, বাজায় তৌহিদের বাঁশি,
যার কানে পৌঁছিল আসি, ঘরে থাকতে পারে না।।
যে ভজিল সে পাইল খোদার নূরে মিশে গেল,
গাউস কুতুব আবদাল হল, যত প্রেমের খেলনা।।
হীন দাস আমিনে বলে, ঘর বেন্ধেছি কদম তলে,
যা থাকে আমার কপালে, বাবার কদম ছাড়বনা।।