দমে দমে ইচ্ছামত ডাক ভাণ্ডারী,
সেই বিনে তোর কে নিবে আর বিপদ উদ্ধারি।
ঐ নাম ভুলে যাইওনা,
সদাই কর জপনা, আমার বাবা মাওলানা।
সেতো নিদান বন্ধু কৃপা সিন্ধু পাড়ের কাণ্ডারী।
ঐ নাম রাখিলে স্মরণ,
বিপদ করিবে মোচন, দয়াল বাবা গাউসে ধন।
এক পলকে লাখে লাখে দিবে পার করি।
ঐ নাম যদি কর ভুল,
শেষে হারাবি দুই কুল, মাওলা অকুলেরি কুল।
ঐ নামেতে দুই কুলেতে সবারি তরী।
আমার মাওলা রহমান,
তিনি নূরের নিশান, বাবা সৈয়দে সুলতান।
পাপী তাপীর আল হাসানী দেখ বিচারি।
অধীন আমিনের বচন,
করি এই নিবেদন, যেন পাই তোমার চরণ।
চরণ আশে বইসে আছে এই ধর্মপুরী।