জগত রবি নূরের ছবি

জগত রবি নূরের ছবি, জলওয়া খেলে এ কোন জনা? একি সেই, সেকি এই, জগতে নাই যার তুলনা।। দেখি দেখি ধরতে না’রি, ধরতে গেলে যায় যে সরি। একি তাঁহার হল চাতুরী-আশায় ঘুরে বিশ্ব জনা।। ধরায় যদি না দাও ধরা, কেন তবে প্রেম করা? প্রাণে যদি কর সারা-এত জ্বালা আর সহেনা।। আলিফ রূপে কর খেলা, মীম নগরে […]

জগত রবি নূরের ছবি, জলওয়া খেলে এ কোন জনা?
একি সেই, সেকি এই, জগতে নাই যার তুলনা।।

দেখি দেখি ধরতে না’রি, ধরতে গেলে যায় যে সরি।
একি তাঁহার হল চাতুরী-আশায় ঘুরে বিশ্ব জনা।।

ধরায় যদি না দাও ধরা, কেন তবে প্রেম করা?
প্রাণে যদি কর সারা-এত জ্বালা আর সহেনা।।

আলিফ রূপে কর খেলা, মীম নগরে বসাও মেলা।
লাম রূপেতে কাহার লীলা-দেহের মাঝে কার খেলনা।।

কেবা আমি কেবা তুমি, কর নূরেতে আকাশ জমি।
ভাল মন্দ সে কোন কথা-সবার মাঝে সে কোন জনা।।

ভাণ্ডারেতে পূর্ণ শশী, হয়ে সেথা আর্শ নশি।
খেলবে কবে প্রাণে মিশি-বল ওগো প্রাণের সোনা।।

দিন গেল গো সন্ধ্যা হল, ভাটার টানে ভাসতে হল।
এসো এসো মাইজভাণ্ডারী-সফিকে দাও চরণখানা।।

লেখক: সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারী