হায়রে বন্ধুর প্রেম জ্বালা
ঘুম ঘোরে চমকি উঠি বিনে চিকন কালা।।
প্রাণ বন্ধুর অদর্শনে মনে কি ধৈর্য মানে।
ঘর ছেড়ে বাহিরে এনে, প্রাণ করে উতলা।।
প্রেম করিলাম সুখের লাগি এখন হলেম দুঃখের ভাগি।
যার জন্যে সর্ব ত্যাগী সেতো করে হেলা।।
আমি ভাবি নিশিদিন, বন্ধু দয়া মায়া হীন।
আমারে সে ভাবে ভিন, পাইয়ে অবলা।।
গোপন প্রেম যারা করে, মরণের আগে মরে।
রমেশ কয় সে পেতে পারে, হৃদয় থাকলে খোলা।।