বল গো সজনি প্রিয় গুনমণি

বল গো সজনি, প্রিয় গুনমণি, কোথায় রইয়াছ আমায় ভুলিয়া, বন্ধুর বিরহে মন প্রাণ দহে, হৃদয় যায় মম জ্বলিয়া।। কতই না আদরে ডাকিল মোরে, সাদর করিয়া বসাইল ধারে, মধুর হাসিতে নয়নের ভঙ্গিতে, পরাণ নিছে আমার হরিয়া।। যখন হেরিলাম রূপ মনোহর, নিজেরে নিজে ভুলে হইয়াছি বেকারার, স্ত্রী পুত্র ঘর বাড়ি টাকা পয়সা জমিদারী, হারাইলাম রূপেতে মজিয়া।। যাঁচিয়া […]

বল গো সজনি, প্রিয় গুনমণি,
কোথায় রইয়াছ আমায় ভুলিয়া,
বন্ধুর বিরহে মন প্রাণ দহে,
হৃদয় যায় মম জ্বলিয়া।।

কতই না আদরে ডাকিল মোরে,
সাদর করিয়া বসাইল ধারে,
মধুর হাসিতে নয়নের ভঙ্গিতে,
পরাণ নিছে আমার হরিয়া।।

যখন হেরিলাম রূপ মনোহর,
নিজেরে নিজে ভুলে হইয়াছি বেকারার,
স্ত্রী পুত্র ঘর বাড়ি টাকা পয়সা জমিদারী,
হারাইলাম রূপেতে মজিয়া।।

যাঁচিয়া যৌবন দিয়াছি তারে, থাকিতে সুখে প্রেম বাসরে,
প্রেম আলাপন করিব মিলন, অধরে অধরে মিশাইয়া।।

ছিলাম পরম সতী হইয়াছি অসতী,
তোমারি সনে করিয়া পিরিতি,
সে যে কি বেদনা বুঝাইতে পারিনা,
ব্যথার ব্যথিক পাইনা খোঁজিয়া।।

আগে সে জানিনা করিয়া পিরিতি,
সারাটি জীবন হইবে দুর্গতি,
একি ভালবাসা হল কর্মনাশা,
জনম যায় আমার কাঁদিয়া।।

বল মোরে সখি থাকিলে জানা,
কোথায় রয়েছে বন্ধুর ঠিকানা,
গিয়া তথাকারে দেখিব বন্ধুরে,
রহিতে না পারি ঘরে বসিয়া।।

প্রেমের সাগরে খেয়ে হাবুডুবু,
এবে সে এশিয়া পরাণ বন্ধু,
কুলেতে লও আমা (আমায়) তুলিয়া।।

লেখক: আমিনুল হক ধর্মপুরী