জীবন রতন পাক গাউসে ধন, ডাকছি তোমায় সকাতরে।
এস প্রাণ ধন জুড়াক জীবন, আসন কর এসে অন্তরে।।
তোমার বিচ্ছেদে কাঁদি সর্ব্বহারা, কাঁদে জীব জন্তু পাগল ধরা।
কাঁদে নর-নারী, জিন-পরী সব, বিরহে রাগিণী ধরিয়ে।।
সহেনা প্রাণে যার বিচ্ছেদ অনল, তুমি বাবা বিনে সবই যে গরল।
প্রেম সুধা দেহ, ঘুচাও বিরহ, শ্রীপদে মিনতি করিরে।।
প্রাণের বাবা হয়ে যদি হও বিমুখ, কার কাছে জানাই দাসগণের দুঃখ।
তোমার বিরহে আঁখি নাহি মানে, কত আর দিবে ফাঁকিরে।।
আস আস বাবা দয়াল মাইজভাণ্ডারী, ঢাল প্রাণে সবার প্রেম সুধা বারী।
ছুটে চলুক আবার আনন্দ লহরী, প্রাণ ভরে গান গাহিরে।।
দাস সফি তোমার কেদে যার যার, পাইবার আশে চরণ তোমার।
দয়াল বাবা তোমার মহিমা অপার, শান্ত কর এসে দাসেরে।।