দেখ মোর প্রিয়ার বাজারে।
রসিক বিনে অরসিকে যেতে না পারে।।
কেননা যে প্রেম বাজার, প্রেমিকগণ খরিদার।
অপ্রেমিক যাবে তথা কি কিনিবারে।।
বণিকে সে স্বর্ণ কিনে, জহুরী জহুর চিনে।
হিরা কি কিনয়ে (কিনতে) কভু দেখ কামারে।।
আলেমে এলম চিনে, চাষের মর্ম চাষা জানে।
পুষ্প বিনে দেখ অলি থাকিতে নারে।।
এ ছালাম দুরাচারে, চিনিতে না পারি তারে।
আমি কি চিনিব নবী চিনেনা যারে।।