যাব না সজনি আর সে দেশে,
যে দেশের মানুষের সনে মন না মিশে।
স্বদেশে পড়িয়ে রব, বিদেশে আর নাহি যাব,
অনিমিষে চেয়ে রব, বাঁশী বাজায় কে এসে।
আকাশে পাতিয়ে কান, শুনিব বাঁশীর তান,
সপে দিব মন প্রাণ, চরণ উদ্দেশে।
অকৈতব প্রেমছটা, কৈতব হয় ঘোর ঘটা,
একা আমি সঙ্গে ছয়টা, চালায় তরী বেহুশে।
প্রাণের মানুষ প্রাণে লয়ে, আড়ালে রব লুকায়ে,
নিরবিলি কথা কব দু’জনে বসে।
প্রাণেতে মিশায়ে প্রাণ, গাহিব প্রাণেরি গান,
আকাশে উঠিবে তান, মানুষের তালাসে।
মানুষে মিশায়ে মন, কর মন আরাধন,
কহিছে মনোমোহন, আছে সে মানুষে।