ধীরে ধীরে আঁখিনীরে, কি জানি কি কথা কয়।
সপ্তস্বরে তিন গ্রামে, অনাহত ধ্বনি হয়।।
আঁখিতে সঙ্গীত গায়, হৃদিযন্ত্র বাজে তায়।
হাওয়াতে প্রাণ খেলে বেড়ায়, প্রকৃতি মাধুরীময়।।
উদারাতে প্রেমের ঝঙ্কার, মুদারাতে ধরে বিকার।
তারা গ্রামে বাজিলে তার, ত্রিবেণী উজান বয়।।
সপ্তস্বরে বাজে বীণা, সঞ্চারিয়ে তা, না, না, না।
সুরতান লয় মূর্ছনা, মূর্ছনাতে মূর্ছা হয়।।
তারপরে তার খোলে আঁখি, এক বিনে সব দেখে ফাঁকি।
উড়ে গিয়ে প্রাণপাখি, ব্রহ্মপদে হয় লয়।।
মনোমোহন কয় সন্ধানে, এ সেতারের তার কম্পনে।
মুক্তি পদ পায় মহাজনে, ভাগ্য ফলে নইলে নয়।।