কেনে দেখ বল প্রিয়ে শ্যাম এই অধীনে।
মুছা নবী মুর্ছা গেল যারে দেখনে।।
নবীজির এই কালাম, ভাল মতে না চিনলাম।
আমি যে চিনিব তারে বুঝি কেমনে।।
বেশ দিয়ে নানা ছলে, জ্বলায় আশেক দিলে।
মজনু যে হেন জ্বলে, লায়লা বিহনে।।
নবীর চেহরায়ে আনা লিয়ে প্রিয়ে সেই বাহানা।
ছাড়িল ভাই বন্ধুগণ, আছহাবগণে।।
আর নানা রূপ ধরি, প্রেমিকের মন হরি।
গেল কতজন মরি প্রেম আগুনে।।
ওহে ছালাম নাদান, হানি তোমা প্রেম বান।
মারিয়াছে যেই জন পাবে তাহানে।।