প্রাণ বন্ধুয়ারে আরো কি কাঁদাবার আশা মনে।
(প্রাণ বন্ধুয়ারে) পিরিতির একি রীতি,
আগুনে করি বসতি,
নানা লোকের নানা কথা শুনে।
তুমিও হলে নির্দয়
আশায় কি আর জীবন রয়,
এই ভাবনা উঠে নিশি দিনে।
(প্রাণ বন্ধুয়ারে) সুখের আশায় প্রেম করা,
এখন দেখি দুঃখের ভরা,
দগ্ধ হলেম বিরহ আগুনে।
জীবনের আশা ছেড়েছি,
পর্দাখানি উঠালে বাঁচি,
একটুখানি দেখিলে নয়নে।।
(প্রাণ বন্ধুয়ারে) গগনে এক দিনমণি,
হাজার কমলিনী,
চেয়ে থাকে দিনমণির পানে।
ভালবাসার দিবাকরে
সকলের প্রাণ শান্ত করে,
আমায় তুমি বাদ দিতে চাও কেনে।
(প্রাণ বন্ধুয়ারে) দেখিব তোমার মুখ
ছেড়েছি দুনিয়ার সুখ,
এই আশা আছে আমার মনে।
রমেশ কয় কেন ছল করতেছ,
আমার ভিতর তুমি আছ,
তুমি যথা আমিও সেখানে।।