হৃদয় চিঁড়ে দেখায় কারে — দরদী নাই এই সংসারে,
যত দুঃখ দিলো বন্ধুয়ায়।।
বন্ধুয়ারে ভালোবাসি, সমাজে হইয়াছি দোষী
প্রেম ফাঁসি পড়িলাম গলায় ।
আমি যারে বিশ্বাস করি, সে দিতে চায় মাথায় বারি,
কলঙ্কিনী এখন লোকে কয়।
আমার বাড়ির পিছন দিয়া প্রাণ-বন্ধু যায় চলিয়া
আমার দিকে ফিরিয়া না চায়।।
যে রোগে ধরেছে মোরে, ওষুধ বুঝি নাই সংসারে
থাকলে ওষুধ — দাওনা গো আমায়।
শুনেছি মথুরা পুরী, সেথায় আছে ডিসপেনসারি,
ঐ জায়গাতে নিয়ে চল আমায়।
নিয়ে মোরে প্রেম-বাজারে, প্রেমরোগের চিকিৎসা করে,
নইলে যে মোর প্রাণে বাঁচা দায়।।
সোনার যৌবন মারল উকি, কেমনে সামলাইয়া রাখি,
বল গো সখী করি কি উপায়?
আমি যখন জলের ঘাটে, প্রাণ-বন্ধু কদম তলে,
মুর্শিদ নামের বাঁশরি বাজায়।
অবশেষে চৈত্র মাসে, প্রাণ-বন্ধু নাহি আসে,
মালা দিব জলেরই গলায়।।