(আমি) মণিপুরের স্বাধীন রাজা, কর দিনা কারে।
ভুত প্রেত যত আছে, ডরে আমারে।।
প্রবল প্রতাপে মোর, শত্রু কাঁপে থর থর।
ত্রিজগত জয় করিব, অল্প দিন পরে।।
জীবজন্তু মহিতলে, আমার আদেশে চলে।
ষোলশত গোপী সেনা, চলে চৌধারে।।
কাবা কাশী বৃন্দাবন, সর্বত্র মোর বিচরণ।
রাজধানী, মন্দাকিনীর উত্তর পাড়ে।।
শিবের বরে শক্তি ধরি, বিজয় ঘোষণা করি।
স্বর্গ-মর্ত্য কাঁপে তাই মোর হুঙ্কারে।।
সিংহল বিজয় হল, পদ্মাবতী হাতে এল।
নিত্যানন্দ ধ্বজা ধরে, পুরির দ্বারে।।
বুঝতে না পারিলে কথা, গুরু পদে রাখ মাথা।
করিমের সঙ্গে চল, মাইজভাণ্ডারে।।