রাসূলাল্লাহর ভেদের কথা শুনবি যদি আয়,
বার থানা বসায়েছেন রসূলের সিনায়।।
আউলিয়াগণ সাধন করে, যে থানাতে আসন করে।
সেই থানার হুকুম জারি করেন দুনিয়ায়।।
শেষ থানাতে আসল ধন আপে প্রভু নিরাঞ্জন।
সেই থানাতে আসন করে বাবা মাওলানায়।।
শেষ থানাতে গেলে পরে মীমের পর্দা যায় তার ছিঁড়ে।
সে কারণে ভাণ্ডারেতে সিজদা করা যায়।।
আলেম ও ফাজেলগণে প্রথম থানার আইন জানে।
অন্য থানার কিবা হুকুম মাইজভাণ্ডারী পায়।।
দেখিয়া ভাণ্ডারীর শান হারাইলাম কুলমান।
প্রেম ফাঁসি পড়িয়াছে লতিফের গলায়।।