ওহে পাপী মন, হৃদ মন্দিরে কর নিরীক্ষণ।
ঠাকুরদেব কেবা তথা, পূজ কার শ্রীচরণ।।
কোনদিকে সজিদা কর, কাবা কিসের নাম ধর।
মক্কা আর মদিনার সম্পর্ক, জাননি কেমন।।
বায়তুল মোকাদ্দেস কোথা, কারবালার কি মহত্মতা।
কোন খানেতে পাওয়া যায়, দামেস্কের বিবরণ।।
নজপ আশরাফ তত্ত্ব, বাগদাদের কি মহত্ম।
উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, চৌদিকে কর ভ্রমণ।।
নায়েবে রাসূল কারা, কাদের বলে কোরান চোরা।
সুপন্থ দেখায় কেবা, কোথায় তাঁর নিকেতন।।
রসিক বাঁকা থাকেন কোথা, ঢাকা কিবা কলিকাতা।
ধীর জ্ঞানে বুঝে দেখ, মাইজভাণ্ডার হয় কেমন।।
উপাধী গাউস ধন কার, মওলানা ধন কি হয় তাঁর।
উভয়ের চিহ্ন কর, করিমের পাপী মন।।